বার্তা সংস্থা আবনা : আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোয় বহু মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছে ১০০’র বেশি মানুষ। গতরাতে বয়ে যাওয়া এ টর্নেডোয় বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি। এতে ফসলেরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
হুড কাউন্টি শেরিফের মুখপাত্র ক্যাথি জিবাইডেন জানিয়েছেন, গ্রানবুরির ওপর দিয়ে এ টর্নেডো বয়ে যায় এবং এতে বহু লোক হতাহত হয়েছে।
এদিকে, মেডস্টার মোবাইল কোম্পানির স্বাস্থ্যবিভাগের মুখপাত্র জানিয়েছেন, ডালাস, হুড, টারান্ট ও পার্কার কাউন্টিতে এ টর্নেডো কয়েক দফা আঘাত হানে এবং সবকিছু দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। উদ্ধার ততপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
টর্নেডোর আঘাতে একটি বাড়ি ধসে পড়লে তাতে বেশ কয়েকজন চাপা পড়েছে বলে জানা গেছে। তবে, তাদের ভাগ্যে কি হয়েছে তা নিশ্চিত নয়। কেউ কেউ জানিয়েছেন, টর্নেডো শুরুর মুহূর্তের মধ্যে কয়েকটি গাড়ি শূন্যে উড়ে যায় এবং তীব্র গতিতে আবার মাটিতে এসে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন সরিয়ে নিতে স্কুল বাস পাঠানো হয়েছে।
এদিকে, মার্কিন জাতীয় আবহাওয়া কেন্দ্র থেকে বলা হয়েছে- ৩১টি কাউন্টিতে টর্নেডো আঘাত হানতে পারে। এর গতিপথে বসবাসকারীদের সতর্কমূলক অবস্থান নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।